সবজির বাজারে সেঞ্চুরির ছড়াছড়ি, দিশেহারা ক্রেতা

ছবি: আগামীর সময়
শীতের সবজির বিদায় ঘণ্টা বেজেছে আগেই। এখনো কিছু কিছু সরবরাহ থাকলেও দাম চড়া। বাজারে আসতে শুরু করেছে গ্রীষ্মের কাঁকরোল, তিতা করলা, ঝিঙেসহ বিভিন্ন সবজি। তবে অধিকাংশেরই দাম শতকের ওপরে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি বাজারে প্রতি কেজি কাঁকরোল ১২০ থেকে ১৫০ টাকা, ঝিঙে ১২০ এবং ধন্দুল ও তিতকরলা বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে। এ ছাড়া পটোল ৭০, বরবটি ও কচুর লতি ৮০ , ঢেঁড়স ৬০, চিচিঙ্গা ৮০, চালকুমড়া ৮০, লাউ ৫০ এবং কচুর ছড়া বিক্রি হচ্ছে ১০০ টাকায়। বেগুন মানভেদে ৮০ থেকে ১০০ টাকা ও কাঁচা মরিচ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
সবচেয়ে বেশি বেড়েছে মৌসুমের বিদায়ী সবজিগুলোর দাম। বাজারে এখন ফুলকপি প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা, সিম ১৪০ ও মুলা বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এ ছাড়া বাঁধাকপি ৬০, টমেটো বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ক্রেতার নাগালের মধ্যে রয়েছে শুধু ২৫ টাকার আলু।
সবজি বিক্রেতা মিন্টু দাস জানিয়েছেন, নতুন সবজির সরবরাহ এখনো পর্যাপ্ত নয়। চাহিদার তুলনায় জোগান কম থাকায় দাম এখন বেশি।
বাজারভেদে কয়েকটি সবজির দাম ৫ থেকে ১০ টাকা কমবেশি হলেও উচ্চমূল্যের কারণে কিনতে পারছেন না স্বল্প আয়ের মানুষ। কাজীর দেউড়ি বাজারে সবজি কিনতে আসা সাহেদ হোসেন আক্ষেপ করে বলেছেন, ‘তেল-গ্যাসের দাম বৃদ্ধির কারণে এমনিতেই আমরা বিপাকে পড়েছি, তার ওপর সবজির বাজার চড়া। কোথায় যাব আমরা? বাজারে ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি নেই।’



