ওয়াসার খনন কাজের সময় মাটি ধসে প্রাণ গেল দুই শ্রমিকের

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইমার্জেন্সি বিভাগ। ছবি : আগামীর সময়
চট্টগ্রাম ওয়াসার পয়োনিষ্কাশন প্রকল্পের খননকাজ করার সময় মাটিচাপা পড়ে নিহত হয়েছেন দুই শ্রমিক। আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নগরের নগরের আগ্রাবাদ এক্সেস রোডে খনন কাজের সময় মাটি ধসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, ভোলা জেলার মো. রাকিব (২২) ও দিনাজপুর জেলার আইনুল ইসলাম ওরফে তুষার (৩০)। আহত সাগর ও এরশাদ চিকিৎসাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।
শ্রমিক রাকিবুল ইসলাম নয়ন জানান, খননকাজ চলার সময় চারজন শ্রমিক শ্রমিক বড় গর্তের ভেতর ঢোকেন। এ সময় মাটি ধসে চাপা পড়েন তারা। পরে দ্রুত মাটি সরিয়ে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক জানান, আহত দুই শ্রমিক সাগর ও এরশাদকে ভর্তি করা হয়েছে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, হাসপাতালের মর্গে রয়েছে নিহত দুই শ্রমিকের মরদেহ। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



