দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

ছবিঃ আগামীর সময়
দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক।
রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে পৌরশহরের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম আপন চন্দ্র দাস (২৬)। তিনি নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহত ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস (৩০) আপনের বোন জামাই।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, বালুবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে যাওয়ার পথে বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে পড়ে। পরে সেটি মেরামতের কাজ চলছিল। এ সময় বগুড়ার দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক বিকল ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আর হেলপার ক্যাবিনের ভেতরে আটকা পড়েন।
ওসি জানান, পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ক্যাবিনের ভেতর থেকে আপনের মরদেহ উদ্ধার করেন। এ সময় গুরুতর আহত অবস্থায় চালক বিকাশ চন্দ্র দাসকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

