জন্মের কিছুক্ষণ পরেই মারা গেল একচোখের বাছুর

ছবি: আগামীর সময়
বাছুরের শরীরের অন্যান্য অংশ স্বাভাবিক থাকলেও মাথার মাঝখানে ছিল মাত্র একটি চোখ। জন্মের কিছুক্ষণ পরেই মারা যায় সে।এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সারুটিয়া গ্রামে এক চোখবিশিষ্ট একটি বাছুরের জন্ম দেয় বিষ্ণু দাসের একটি গাভী। বাছুরটিকে এক নজর দেখতে বিষ্ণুর বাড়িতে ভিড় করেন আশপাশের কৌতূহলী লোকজন।বাছুরটিকে দেখে বিস্মিত হয়ে পড়েন তারা।
স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বিস্ময় প্রকাশ করলেন, ‘খুবই অবাক করার মতো ঘটনা। আমি এমনটি আগে কখনও দেখিনি।’
রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেছেন, ‘এটি মূলত একটি জন্মগত ত্রুটি। এর পেছনে বিভিন্ন জৈবিক বা পরিবেশগত কারণ থাকতে পারে। আগে তিন পা বা একটি কান বিশিষ্ট বাছুর দেখেছি, তবে এক চোখ বিশিষ্ট বাছুরের কথা আমার চাকরি জীবনে এই প্রথমবার শুনলাম।’



