সিকৃবির পুকুরে ডুবে তরুণের মৃত্যু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিকৃবি ক্যাম্পাসের একটি পুকুরে ডুবে মৃত্যু হয়েছে রায়হান আহমদ (১৮) নামে এক তরুণের। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান সিলেট নগরের বালুচর নয়াবাজার এলাকার বাসিন্দা এবং রহমান আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বন্ধুদের সঙ্গে গোসল করতে পুকুরে নামেন রায়হান। একপর্যায়ে সাঁতার কাটতে কাটতে মাঝামাঝি চলে গেলে পানিতে তলিয়ে যেতে থাকেন। সঙ্গে থাকা তিন বন্ধু তাকে উদ্ধারের চেষ্টা চালালেও সফল হননি।
ঘটনাটি দেখে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন আশপাশের শিক্ষার্থী ও স্থানীয়রা। বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেন তাকে। তবে ততক্ষণে মৃত্যু ঘটে রায়হানের।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।



