আগামীর সময়

যমুনা সেতুতে এক দিনে ২ কোটি ৮৪ লাখ টাকা টোল আদায়

যমুনা সেতুতে এক দিনে ২ কোটি ৮৪ লাখ টাকা টোল আদায়

সংগৃহীত ছবি

ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। এর প্রভাবে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় সাড়ে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের চাপ লক্ষ করা গেছে। তবে এখনো কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।

এদিকে যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা। যানজট নিরসনে মহাসড়ক পুলিশ নিরলসভাবে কাজ করছে।

পুলিশ জানায়, সোমবার বিকেল থেকেই সরকারি ছুটি শুরু হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত চারলেন সুবিধা থাকায় যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সড়কের উন্নয়নকাজ চলমান থাকায় কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রবিবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী ১৫ হাজার ৫৮৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২০০ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গগামী ২০ হাজার ৭৫টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য দুই পাশে আলাদা করে ২টি বুথ রাখা হয়েছে।

১৯৯৮ সালে চালুর পর থেকে যমুনা সেতু দিয়ে নিয়মিত টোল আদায় করা হচ্ছে। আগে কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস) টোল আদায় করলেও বর্তমানে চায়না রোড ব্রিজ করপোরেশন এ কার্যক্রম পরিচালনা করছে।

    শেয়ার করুন: