আগামীর সময়

টাঙ্গাইল

বেশি দামে জ্বালানি তেল বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বেশি দামে জ্বালানি তেল বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ছবিঃ আগামীর সময়

টাঙ্গাইলে জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি এবং বেশি দামে বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গায় মেসার্স ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভ।

অভিযানে দেখা গেছে, স্টেশনটিতে প্রায় ১০ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটারের বেশি অকটেন এবং প্রায় ২ হাজার লিটার পেট্রোল মজুদ থাকা সত্ত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এছাড়া অকটেনের ক্যালিব্রেশন চার্ট সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, জেলার দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের জগতলা বাজারে অভিযান চালিয়ে ‘সাগর এন্টারপ্রাইজ’-কে ২৫ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযান দেখা গেছে, প্রতিষ্ঠানটি প্রায় ২ হাজার ২০০ লিটার ডিজেল এবং ২ হাজার ১০০ লিটার অকটেন মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রি করছিল। অভিযোগ রয়েছে, মালিক রফিকুল ইসলাম কম দামে তেল চাওয়া ভোক্তাদের ‘তেল নেই’ বলে জানালেও বেশি দামে কিনতে চাইলে তেল বিক্রি করতেন।

ভোক্তা অধিকার কর্মকর্তা জানিয়েছেন, ব্যবসার লাইসেন্সে উল্লিখিত ঠিকানা নিজের বাসা হওয়ায় তিনি এই অসাধু পদ্ধতি অনুসরণ করছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভ বলেছেন, ‘জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

অভিযানকালে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বলসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    শেয়ার করুন: