বাড়ির গেটে টেপে মোড়ানো বস্তু, গায়ে লেখা ‘হাত দিলেই বাসস্টো’

ছবি: আগামীর সময়
মেহেরপুরের গাংনীর একটি বাড়ির গেট থেকে কালো স্কচটেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এর গায়ে কাগজে লেখা- ‘হাত দিলে বাস্টো ভালো থাকিস বাই বাই’। তেঁতুলবাড়িয়া গ্রামের সানোয়ার হোসেন পলাশের বাড়ির গেটের সামনে পড়ে ছিল বস্তুটি।
আজ বুধবার ভোরে এই ঘটনা নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি আল মামুন।
পুলিশের তথ্য, সকালে হাঁটতে বের হয়ে সানোয়ারের চাচাতো ভাই মো. শামীম প্রথম দেখতে পান বস্তুটি। সানোয়ারকে জানালে তিনি খবর দেন থানায়।
এ ঘটনায় আতঙ্কিত সানোয়ার হোসেন। ‘গ্রামে বা কোথাও আমার জানামতে শত্রু নাই। কে বা কারা কী কারণে বা কী উদ্দেশ্যে বাড়ির সামনে বোম রেখেছে... বুঝতে পারছি না... আমার পরিবার খুব আতঙ্কিত’- বললেন তিনি।
পানিভর্তি বালতিতে রেখে বস্তুটি থানায় আনা হয়েছে, জানালেন ওসি মামুন। তার ধারণা, এলাকায় আতঙ্ক ছড়াতেই রাখা হয়েছে সেটি। জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।



