আগামীর সময়

ভিসার নামে প্রতারণা, ট্রাভেল এজেন্সির ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ভিসার নামে প্রতারণা, ট্রাভেল এজেন্সির ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

সংগৃহীত ছবি

রাশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি ট্রাভেল এজেন্সির চার কর্মকর্তার বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।

বুধবার (১১ মার্চ) যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদের আদালতে এই মামলাটি দায়ের করেন ভুক্তভোগী মো. হাসানুজ্জামান। বিচারক অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে নির্দেশ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন ঢাকার বারিধারা এলাকার যমুনা ভিসা এক্সপ্রেসের মো. কামরুল হাসান (৩৮), ডিরেক্টর মোহাম্মদ রাহানুল আলম (৩০), ম্যানেজার ইউসুফ আলী (৩৫) ও এজেন্ট সুমন খান (২৮)।

মামলার অভিযোগে বলা হয়েছে, হাসানুজ্জামান দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ব্যবসা করে আসছিলেন। ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে তিনি রাশিয়ায় যাওয়ার পরিকল্পনা করেন। এ সময় ফেসবুকে বিজ্ঞাপন দেখে ঢাকার বারিধারায় অবস্থিত ‘যমুনা ভিসা এক্সপ্রেস’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে তার যোগাযোগ হয়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তাকে রাশিয়ার দুই বছরের ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার আশ্বাস দেন। এর বিনিময়ে তারা ১ লাখ ২০ হাজার টাকা দাবি করেন। চুক্তি অনুযায়ী গত ১৯ ডিসেম্বর তিনি কুরিয়ারের মাধ্যমে নিজের পাসপোর্ট পাঠান এবং ২৩ ডিসেম্বর ঢাকার কার্যালয়ে গিয়ে নগদ ১ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ১৫ জানুয়ারির মধ্যে ভিসা সম্পন্ন করে পাসপোর্ট ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হলেও আসামিরা ভিসা দেননি এবং পাসপোর্ট ফেরত দিতেও অস্বীকৃতি জানান। উল্টো পাসপোর্ট ফেরত পেতে হলে আরও ১ লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন তারা।

পাসপোর্ট না পাওয়ায় বাদীর আবুধাবির রেসিডেন্স ভিসা নিয়ে জটিলতা তৈরি হয়েছে এবং সেখানে তার ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে তিনি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত তিনি আদালতের শরণাপন্ন হন।

    শেয়ার করুন: