দোকানে ঢুকে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা

তাঁতী দল নেতা সোনা মিয়া
খুলনা নগরীতে চায়ের দোকানে ঢুকে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সোয়া ১২টার দিকে নগরীর খালিশপুরের নয়াবাটি এলাকায় ঘটে হত্যাকাণ্ডটি।
নিহত সোনা মিয়া (৩৮) জাতীয়তাবাদী তাঁতী দলের ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক। তিনি নগরীর নয়াবাটি এলাকার জব্বার সরদারের ছেলে। এসব নিশ্চিত করেছেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী।
স্থানীয়দের তথ্য, গতরাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন সোনা মিয়া। এ সময় মোটরসাইকেলে আসা তিনজন দোকানে ঢুকেই তাকে কুপিয়ে জখম করেন। রক্তাক্ত অবস্থায় দৌঁড়ে পাশের একটি বাসায় আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও হয়নি রক্ষা। সেখানে ফের তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা তাকে খালিশপুর ক্লিনিকে পাঠায়। উন্নত চিকিৎসার জন্য পরে নেয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা সোনা মিয়াকে মৃত ঘোষণা করেন।
হেলমেট ও ফেইসমাস্কে চেহারা ঢেকে থাকায় হামলাকারীদের চিনতে পারেননি প্রত্যক্ষদর্শীরা- জানালেন ওসি।
ময়নাতদন্তের জন্য মরদেহ রাখা খুলনা মেডিকেলে। জড়িতদের শনাক্তে চলছে তদন্ত- বক্তব্য ওসি আতাহারের।



