অর্থনীতিকে শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে সরকার বদ্ধপরিকর: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ছবিঃ আগামীর সময়
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর ভাষ্য মতে, সরকার দেশের অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে বদ্ধপরিকর। একই সঙ্গে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে সরকার কাজ করছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ব্যুরো ইনস্টিটিউটের কনফারেন্স রুমে সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে বিভাগীয় সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
টুকু বলেছেন, আমরা এ দেশের অর্থনীতিকে একটি শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত করতে চাই। দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ে তুলতে চাই। সে জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।
তিনি ব্যাখ্যা করে বলেছেন, বর্তমান সরকারের যাত্রা খুব বেশি দিনের নয়। এরই মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিগত সরকারের সময় ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেছেন, সেই সময়ের দুর্নীতির কারণে অনেক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। তবে সোনালী ব্যাংক তার অবস্থান শক্তভাবে ধরে রাখতে পেরেছে, যা কর্মকর্তাদের কর্মদক্ষতার ফল।
দেশের অর্থনৈতিক খাতে ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন টুকু।
তিনি বলেছেন, সরকারের প্রতি আস্থা রাখলে অঙ্গীকার অনুযায়ী দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
এ সময় তিনি উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিয়মিত অফিস করা ও কর্মনিষ্ঠা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এছাড়া তিনি সরকারি প্রটোকল কম ব্যবহার করে সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন। এর ফলে রাজধানী ঢাকার যানচলাচলেও গতি এসেছে।
সোনালী ব্যাংকের বিভাগীয় সম্মেলনে জামালপুর জেনারেল ম্যানেজার অফিসের জিএম গোপাল চন্দ্র গোলদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) মো. শওকত আলী খান, ডেপুটি জেনারেল ম্যানেজার ইকবাল হোসেন ও রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ১০১টি শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



