আশুলিয়ায় ৪৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক

সংগৃহীত ছবি
আশুলিয়ার বাইপাইলে যাত্রীবাহী বাস থেকে ৪৮ বোতল ফেনসিডিলসহ নাসিমা খাতুন (৬২) নামে এক নারীকে আটক করেছেন র্যাব-৪ এর সিপিসি-২-এর সদস্যরা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কে চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়।
আটক নাসিমা খাতুন রাজশাহী জেলার তানোর থানার চান্দুরীয়া গ্রামের ইয়াসিন আলীর স্ত্রী।
র্যাব-৪-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, মাদক উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় বিভিন্ন যানবাহন তল্লাশির একপর্যায়ে সোনার তরী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে বোরকা পরিহিত নাসিমাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বোরকার নিচে শরীরের সঙ্গে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শাহীনুর কবির আরও উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী রাজশাহী থেকে ফেনসিডিল সংগ্রহ করে আশুলিয়া ও আশপাশের এলাকায় বিক্রি করতেন।
এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।



