চুয়াডাঙ্গায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস, আটক ৪৯

চুয়াডাঙ্গায় ৩ কোটি ১৮ লাখ টাকার বেশি মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ন প্রাঙ্গণে আগুনে পুড়িয়ে ও রোলার দিয়ে গুঁড়িয়ে ধ্বংস করা হয় এসব মাদক।
এ সময় উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। আরও ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন। স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।
বিজিবি জানায়, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় এসব মাদক। এ সময় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ৪৯ জনকে আটক করা হয়।
ধ্বংস করা মাদকের মধ্যে ছিল বিদেশি মদ ৩ হাজার ৯৮৩ বোতল, নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ১০ হাজার ৬১৭ বোতল, বিয়ার ২৯ বোতল, গাঁজা ২ হাজার ২৩৮ কেজি, হেরোইন ১ দশমিক ৮৫৭ গ্রাম এবং কোকেন ১ দশমিক ৮৯ কেজি। এ ছাড়া জব্দ করা হয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেটও।



