ভারি বৃষ্টিতে রংপুরে জলাবদ্ধতা, বেড়েছে নদ-নদীর পানি

ভারি বৃষ্টিতে রংপুরে জলাবদ্ধতা, নদ-নদীর পানি বৃদ্ধি
টানা ভারি বৃষ্টিতে রংপুর নগরীর নিম্নাঞ্চলগুলোতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
নগরীর শ্যামাসুন্দরী খাল উপচে পানি আশপাশের বাড়িঘর ও সড়কে ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরীর জুম্মাপাড়া, কামারপাড়া, মুন্সিপাড়া ও হনুমানতলা এলাকার বাসিন্দারা। পাশাপাশি বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পানি জমে যাওয়ায় ভোগান্তি বেড়েছে শিক্ষার্থীদের।
গতকাল রবিবার রংপুরে বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ১৩১ মিলিমিটার বৃষ্টিপাত, যা এ সময়ে দেশের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।
এদিকে, অসময়ের এই ভারি বর্ষণে বৃদ্ধি পেয়েছে তিস্তা, ধরলা ও অন্যান্য নদ-নদীর পানি। এতে রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার চরাঞ্চলে দেখা দিয়েছে মরিচ, বাদাম, মিষ্টি কুমড়া ও শাকসবজিসহ বিভিন্ন ফসল ডুবে যাওয়ার আশঙ্কা। অনেক কৃষক বাধ্য হয়েছেন অপরিপক্ব বোরো ধান কেটে নিতে।
বিশেষজ্ঞদের মতে, এপ্রিল মাসে সাধারণত দেখা যায় না এ ধরনের ভারি বর্ষণ, তবে এবার ভেঙে গেছে সেই রেকর্ড।
পানি উন্নয়ন বোর্ড জানাচ্ছে, তিস্তার ডালিয়া পয়েন্টে রবিবার সকাল ৯টায় পানির স্তর ছিল ৫০ দশমিক ৭০ সেন্টিমিটার, যা আগের দিন ছিল ৫০ দশমিক ৩০ সেন্টিমিটার। অর্থাৎ ২৪ ঘণ্টায় পানি বেড়েছে প্রায় ৪০ সেন্টিমিটার। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত কোনো শঙ্কা নেই বন্যার।
আবহাওয়া অফিস বলছে, এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও চারদিন।



