নাতির মৃত্যুর গুজবে নানির মৃত্যু

ফরিদগঞ্জ থানা
চাঁদপুরের ফরিদগঞ্জে নাতির মৃত্যুর গুজব শুনে মর্মান্তিক মৃত্যু হয়েছে আফিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার। শুক্রবার রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নূরপুর গ্রামে ঘটে এই ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, নূরপুর গ্রামের নন্দী বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে রিফাত হোসেন (১৯) ওরফে সিয়াম তার প্রতিবেশী মোহাম্মদ নাসিরের ছেলে মোহাম্মদ নাঈম (১৭) ও নাঈমের স্বজনদের সাথে জড়িয়ে পড়েন বাকবিতণ্ডায়। গোপনে সিগারেট খাওয়ার একটি ভিডিও ধারণ করে পরিবারের সদস্যদের দেখানোর ঘটনাকে কেন্দ্র করে এই বাকবিতণ্ডার জন্ম হয়।
একপর্যায়ে এই বাকবিতণ্ডা মারামারিতে রূপ নেয়। দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে। এ সময় রিফাতকে মেরে ফেলা হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ে। এই গুজব শুনে শোকাহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান তার নানি আফিয়া বেগম। স্থানীয়রা দ্রুত মুন্সিরহাট বাজারের এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান আফিয়া বেগমকে। পরে তার অবস্থার অবনতি হলে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন আফিয়া বেগমকে।
ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চালানো হলেও আজ শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে, নাতির মৃত্যুর গুজব শুনে স্ট্রোক করে মারা গেছেন আফিয়া বেগম। তবে জীবিত রয়েছেন তার নাতি রিফাত হোসেন সিয়াম।



