আগামীর সময়

নোয়াখালীতে তালা ভেঙে আ.লীগ কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

নোয়াখালীতে তালা ভেঙে আ.লীগ কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

সংগৃহীত ছবি

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে প্রায় ১৭ মাস ধরে তালাবদ্ধ ছিল নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়। তবে আজ বুধবার সকাল সাতটার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের ৩০ থেকে ৩৫ জন নেতা-কর্মী তালা ভেঙে সেই কার্যালয়ে ঢোকেন। এরপর ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে কার্যালয়টিতে একটি ব্যানার টাঙিয়ে চলে যান তাঁরা।

জেলা আওয়ামী লীগের কার্যালয়টি নোয়াখালী শহরের টাউন হল মোড়ে অবস্থিত। কার্যালয় খোলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়।

সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের সামনে বেশ কিছু পুলিশ মোতায়েন রয়েছে। কার্যালয়ের পাশে পুলিশের একটি গাড়িতে আটক পাঁচজনকে রাখা হয়েছে। আশপাশের দোকানিসহ কিছু উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেছেন।

তালা ভেঙে আওয়ামী লীগের কার্যালয়ে ঢোকা এবং স্লোগান দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়’ লেখা একটি ব্যানার হাতে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাঁদের সঙ্গে বয়স্ক এক ব্যক্তিকেও দেখা গেছে। ব্যানারটি টাঙিয়ে দিয়ে সবাই সটকে পড়েন।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ভোরে দলীয় কার্যালয়ের তালা ভেঙেছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। জড়িত বাকি ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।

    শেয়ার করুন: