নওগাঁয় স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর ‘আত্মহত্যা’

সংগৃহীত ছবি
নওগাঁর আত্রাইয়ে স্ত্রী ও দুই বছরের কন্যাসন্তানকে ছুরি মেরে হত্যা করেছে স্বামী। পরে জয় সরকার (২৭) নামে ওই যুবক নিজেও ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছেন এসআই শাহাজুল ইসলাম।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে বলরামচক চৌধুরীপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বলরামচক চৌধুরীপাড়া গ্রামের জয় সরকার (২৭), তাঁর স্ত্রী বৃষ্টি সরকার (২২) ও দুই বছরের কন্যাসন্তান জিনি সরকার।
স্থানীয়রা বলছেন, জয় সরকার মাদকাসক্ত ছিলেন। এ কারণে স্ত্রী বৃষ্টি সরকার অনেকবার সংসার ছেলে চলে যান এবং পরে আবার ফিরেও আসেন। গতকাল বৃহস্পতিবার রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে জয় তার স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে নিজেও ছুরি দিয়ে নিজের শরীরেও আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। এতে ঘটনাস্থলেই স্ত্রী বৃষ্টি সরকার মারা যান।
পরে গুরুতর আহত অবস্থায় জয় সরকার ও জিনিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তারা দুজনই মারা যান।
আত্রাই থানার ওসি আব্দুল করিম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে স্ত্রী বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়। আর গুরুতর অবস্থায় স্বামী ও সন্তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তারা দুজন মারা যান।

