সীমান্তে উদ্ধার ভারতীয় ড্রোন

সংগৃহীত ছবি
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী সীমান্ত থেকে একটি ভারতীয় ড্রোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার দুপুরে বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তে ড্রোনটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা ব্যাটালিয়নের (৬১-বিজিবি) অধীন বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা জিরোপয়েন্ট মগলিবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৪১/৮এস-এর ১০ গজ অভ্যন্তরে ৯৮/হিমালয় ক্যাম্পের বিএসএফের টহল দলের সদস্যরা ড্রোন দিয়ে ভিডিও করছিল। এ সময় জমিতে কাজ করা এক ব্যক্তির মাথার ওপর দিয়ে যাওয়ার সময় ড্রোনটি ভুট্টাক্ষেতে বিকট শব্দে আছড়ে পড়ে।
ওই ব্যক্তি বিজিবিকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে বিজিবি। বর্তমানে ড্রোনটি হেফাজতে রয়েছে।
৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেছেন, ‘সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুগলিবাড়ীতে একটি ড্রোন পাওয়া গেছে। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।’



