মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

সংগৃহীত ছবি
নোয়াখালীর সুবর্ণচরে ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগে মুফতি আবুল খায়ের (৩৫) নামে মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা শহর মাইজদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল খায়ের সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যবাগ্যা গ্রামের আবুল বারেকের ছেলে। তিনি একই ইউনিয়নের দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই ছাত্রী দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিল। গত ৫ ফেব্রুয়ারি তার দাদি তাকে চিকিৎসার জন্য মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল খায়েরের কাছে নিয়ে যান। ওই সময় কবিরাজি চিকিৎসার কথা বলে কৌশলে ছাত্রীর দাদিকে বাইরে পাঠিয়ে দেন। একপর্যায়ে ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দেওয়া হলেও পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে মামলা করা হয়নি। পরে অভিযুক্তের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় গত ১৫ এপ্রিল ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দেয়। পরবর্তীতে পুলিশ সেটি মামলা হিসেবে গ্রহণ করে।
এদিকে মামলা করার পর ভুক্তভোগীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় একটি ভিডিও ফুটেজ দেখে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধান অভিযুক্ত শিক্ষক এতদিন আত্মগোপনে ছিলেন।
চরজব্বর থানার ওসি লুৎফুর রহমান জানান, ভুক্তভোগীর বাবা শ্লীলতাহানির ঘটনায় মামলা করেন। পাশাপাশি বাড়িতে হামলার ঘটনায় ভুক্তভোগীর মা আরও একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার আবুল খায়েরকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।



