প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের সহস্রাধিক পরিচ্ছন্নকর্মী

ছবিঃ আগামীর সময়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে ১ হাজার ২৩৭ জনের মাঝে অনুদানের অর্থ তুলে দেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
রাসিক জানায়, প্রত্যেককে ৫ হাজার টাকা করে সর্বমোট ৬১ লাখ ৮৫ হাজার টাকার অনুদান দেওয়া হয়। এবার প্রথমবারের মতো সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সমবেদনা জ্ঞাপন করেন জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহীতে শহীদ সাকিব আনজুম, আলী রায়হান ও অন্যান্য সকল শহীদ পরিবারের প্রতি।
‘শহর পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে যারা অক্লান্ত পরিশ্রম করেন, তাদের জন্য ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ইতিপূর্বে এভাবে পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি রাজশাহী সিটি কর্পোরেশনে খালি হাতে আসিনি। তার উপহার নিয়েই এসেছি’, বলছিলেন তিনি।
‘রাজশাহীকে আরো সুন্দর ও উন্নত করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের জন্য খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেছেন, যাতে সারাদেশের কৃষকদের উপকার হবে।’
‘সিটি কর্পোরেশন নাগরিক সেবার প্রতিষ্ঠান। আমরা অত্যন্ত আন্তরিকতার মাধ্যমে নাগরিক সেবা দেব। রাজশাহী মহানগরবাসী যা চায়, আমরা তা করব। নগরীর যেসব উন্নয়ন কাজ অসমাপ্ত রয়েছে, সেগুলো সমাপ্ত করব। আগামীতে রাজশাহীকে পরিচ্ছন্ন, সবুজ, সুন্দর, সুখী, আধুনিক ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলা হবে’, যোগ করেন রাসিক প্রশাসক।
এদিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে উচ্ছ্বসিত পরিচ্ছন্নতাকর্মীরা। পরিচ্ছন্নতা কর্মী রাজিবুল ইসলাম মন্তব্য করেন, ‘আমি দীর্ঘদিন রাজশাহী সিটি কর্পোরেশনে চাকরি করছি। চাকরি জীবনে কোনোদিন এভাবে অনুদান পাইনি। অনুদান পেয়ে আমরা অনেক খুশি।’
পরিচ্ছন্নতা কর্মী মরিয়ম ও সুমাইয়া জানান, ঈদে অনেক খরচ। কীভাবে ছেলে-মেয়ে নিয়ে ভালোভাবে ঈদ করব চিন্তায় ছিলাম। প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে চিন্তামুক্ত হলাম। এবার ভালোভাবে ঈদ করতে পারব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ প্রমুখ।

