আগামীর সময়

জামালপুর পুলিশ সদস্যকে গাড়ি চাপা, আইনজীবী আটক

জামালপুর পুলিশ সদস্যকে গাড়ি চাপা, আইনজীবী আটক

জামালপুর জেলা জজ আদালতের আইনজীবী বাবর আলীর বিরুদ্ধে পুলিশ সদস্য মাহবুবুর রহমানকে গাড়ি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ সদস্যের মায়ের দায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে পুলিশ সদস্যের মায়ের করা সড়ক পরিবহন আইনের মামলায় বাবর আলীকে আদালতে হাজির করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (০১ এপ্রিল) রাত ৮টায় জামালপুর জেনারেল হাসপাতাল এলাকা থেকে বাবর আলীকে আটক করা হয়।

অভিযুক্ত অ্যাডভোকেট বাবর আলী জাতীয় পার্টি (জেপি মঞ্জু) জামালপুর জেলা শাখার সভাপতি। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদসহ একাধিক জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে জেপি’র প্রার্থী হিসেবে সাইকেল প্রতীকে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, জেলা জজ আদালতে দায়িত্ব পালন শেষে বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে আইনজীবি সমিতি ভবনের পিছনের রাস্তা দিয়ে পায়ে হেঁটে মেইন রোডের দিকে যাচ্ছিলেন পুলিশ সদস্য মাহবুবুর রহমান। এ সময় বাবর আলী প্রাইভেট কার চালিয়ে গিয়ে পিছন থেকে ওই পুলিশ সদস্যকে চাপা দেন। এতে মাহবুবুর রহমান পা, বুক ও মাথায় মারাত্মকভাবে আহত হন।

গুরুতর আহত পুলিশ কনস্টেবল মাহবুবুর রহমানকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বললেন, মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবর আলীকে আটক করা হয়েছে। পুলিশ সদস্যের মা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেছেন। পরে তাকে আদালতে পাঠানো হয়।

    শেয়ার করুন: