ড্রাইভিং লাইসেন্স ছাড়া জ্বালানি সরবরাহে নিষেধাজ্ঞা

ছবিঃ আগামীর সময়
বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রংপুর জেলা প্রশাসন। একইসঙ্গে সব ধরনের অবৈধ মোটরযানে জ্বালানি সরবরাহ না করতে পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিগুলোকে নির্দেশনাও দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো মোটরযান সড়ক, মহাসড়ক বা পাবলিক প্লেসে চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। আইনের ধারা ৪(১) ও ১৬(১) অনুযায়ী বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সনদ ছাড়া যানবাহন চালানো নিষিদ্ধ। ধারা ২৫(১) অনুযায়ী ফিটনেস সনদ ছাড়া বা মেয়াদোত্তীর্ণ ফিটনেস দিয়ে কোনো যানবাহন পরিচালনা করা যাবে না।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে, ডিপো থেকে পাম্প মালিকরা প্রয়োজনের তুলনায় কম তেল পাচ্ছেন বলে জানিয়েছেন, বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হচ্ছে ।
‘একটি মোটরসাইকেল বারবার বিভিন্ন পাম্প ঘুরে অতিরিক্ত তেল নেওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এ কারণে হেলমেট ও রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেলে তেল না দেওয়ার প্রস্তাবনা এসেছে’, বলে জানিয়েছে জেলা প্রশাসন।

