নাটোরে হাইটেক পার্ক পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

ছবিঃ আগামীর সময়
নাটোরের সিংড়ায় নির্মাণাধীন হাইটেক পার্ক ও আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার পাশাপাশি প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পরিদর্শনকালে ভারতীয় সহকারী হাইকমিশনার পার্কের ভেতরে নির্মাণাধীন বিভিন্ন ভৌত অবকাঠামো এবং আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের কাজের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ ও ভারতের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের বিভিন্ন কারিগরি দিক ও বাস্তবায়নের গতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
সিংড়া হাইটেক পার্কে স্থাপিত এই প্রশিক্ষণ কেন্দ্রটি দুই দেশের ডিজিটাল অংশীদারিত্বের এক অনন্য উদাহরণ। এর মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীদের আধুনিক তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান, দক্ষ মানবসম্পদ তৈরি এবং নতুন উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
পরিদর্শন শেষে তথ্যপ্রযুক্তি খাতে দুই দেশের যৌথ উদ্যোগে চলমান বিভিন্ন কার্যক্রম ও ডিজিটাল পরিষেবার প্রসার নিয়ে আলোচনা হয়।
পরিদর্শনকালে সহকারী হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) মাজদার আলী, বাংলাদেশ-ভারত ডিজিটাল পরিষেবা ও কর্মসংস্থান প্রশিক্ষণ (বিডিসেট) প্রকল্পের ট্রেইনার তৌহিদুর ইসলাম এবং শাওয়াল আহমেদসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা।

