ধলেশ্বরী থেকে অবৈধ মাটি উত্তোলন, কেরাণীগঞ্জে ৩ কার্টার জব্দ

সংগৃহীত ছবি
ঢাকার কেরাণীগঞ্জে ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা হয়েছে তিনটি ভাসমান কার্টার।
রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার পূর্ব জাজিরা এলাকায় পরিচালনা করা হয় এ অভিযান। অভিযানে জাজিরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শকসহ পুলিশ সদস্যরা করেন সহযোগিতা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে নদী থেকে গ্রাব মেশিন দিয়ে মাটি উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জব্দ করা হয় তিনটি মাটি কাটার গ্রাব। জব্দ করা যন্ত্রপাতি রাখা হয়েছে জাজিরা পুলিশ ফাঁড়ির হেফাজতে।
সরেজমিনে জানা গেছে, কোন্ডা ইউনিয়নের মধুর বাজার এলাকার এসি আলী এবং খৈলারচর এলাকার শাহ জালাল এ অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রস্তুতি চলছে নিয়মিত মামলা দায়েরের।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে অব্যাহত থাকবে এ ধরনের অভিযান।



