লালমনিরহাট
মাদক মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতার ছেলে

ছবি: আগামীর সময়
লালমনিরহাটের আদিতমারীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ হোসেন পাইলটকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে উপজেলার মহিষখোচা এলাকা থেকে আটক করা হয় তাকে।
আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আদিতমারী থানার ওসি নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।
তার মতে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাইলটকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতে পাঠানো হয়েছে তাকে।
গ্রেপ্তার পাইলট মহিষখোচা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত নবিয়ার রহমান প্রামাণিকের ছেলে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক পাচার করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিলেন। এর আগে বিভিন্ন সময় মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তিনি।
পুলিশের তথ্য অনুযায়ী, পাইলটের বিরুদ্ধে মাদক আইনে সাতটি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৮ সালের একটি মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রায় ঘোষণার পর থেকে পাইলট আত্মগোপনে থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানায় পুলিশ।



