মানিকগঞ্জে বিস্ফোরক ভাণ্ডার উদ্ধার করল সেনাবাহিনী

ছবিঃ আগামীর সময়
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া গ্রামে একটি বাঁশঝাড় থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।
জানা যায় , রবিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত ভোর সাড়ে ৭টায় উপজেলার এক্সটিন সার্ভিস লিমিটেড থেকে প্রায় ৩০০ গজ উত্তরে মানিকগঞ্জ সেনা ক্যাম্পের ১১ ইবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরামের নেতৃত্বে সেনাসদস্যরা এ অভিযান করে।
এ বিষয়ে সিংগাইর থানা পুলিশ জানান, অভিযানকালে দুইটি আইইডি বোমা, ১১টি ককটেল, দুইটি হাতবোমা, দুইটি লোহার চাপাতি, একটি কাঠের বাটযুক্ত ছুরি এবং দুইটি চেইন উদ্ধার করা হয়।
পরে সেনাবাহিনীর বোম নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে এসে পার্শ্ববর্তী খোলা মাঠে হাতবোমা ও ককটেলগুলো নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র জব্দ করে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। থানায় কোন মামলা বা কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি ।

