বাংলাবান্ধায় ২৪ হাজার ডলারসহ আটক ভারতীয় নাগরিক

পঞ্চগড়ের বাংলাবান্ধায় অবৈধভাবে বিদেশি মুদ্রা বহনের অভিযোগে আটক করা হয়েছে এক ভারতীয় নাগরিককে। জব্দ করা হয়েছে ২৪ হাজার ৬০০ ইউএস ডলার।
ভারত যাওয়ার সময় সোমবার দুপুরে স্থলবন্দরের আইসিপি চেকপোস্টে আটক করা হয় পলাশ চন্দ্র মাঝিকে। তার বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুল থানায়। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বলা হয়েছে, সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে গোপন তথ্যে আটক করা হয় পলাশকে। তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ইউএস ডলার, সাড়ে তিন হাজার টাকা এবং কিছু ভারতীয় ও নেপালি রুপি।
বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস বলেছেন, ‘তিনি (পলাশ) মাসখানেক আগে বাংলাদেশে এসেছিলেন। আজ ফেরার সময় ইমিগ্রেশন শেষ করে যখন চলে যাচ্ছিলেন, তখনই গোয়েন্দা তথ্যে তাকে আটক করা হয়।’
বিজ্ঞপ্তিতে আছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডলারের বিষয়ে ‘সঠিক তথ্য’ দেননি পলাশ। তাকে তেঁতুলিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



