আগামীর সময়

মাদারীপুরে হামে এক শিশুর মৃত্যু, জেলাজুড়ে আতঙ্ক

মাদারীপুরে হামে এক শিশুর মৃত্যু, জেলাজুড়ে আতঙ্ক

ছবিঃ আগামীর সময়

মাদারীপুরে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর পর জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সরেজমিনে জানা গেছে, গত ২২ মার্চ রাতে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচর এলাকার আব্দুর রহমানের তিন মাস ১৫ দিন বয়সী মেয়ে আদিবাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত সোমবার (৩০ মার্চ) রাতে তার মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ১১ শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে।

গত সাত দিনে হামের উপসর্গ নিয়ে জেলার এই প্রধান হাসপাতালে ১৪ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুই শিশুকে ভর্তি করা হয়েছে। বর্তমানে ১১ শিশু হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন।

সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বোয়ালি এলাকার বাসিন্দা মোস্তাকিন বিল্লাল তার ৯ মাস বয়সী ছেলে মোস্তাকুন নবীকে নিয়ে জেলা হাসপাতালে এসেছেন। তিনি বলেছেন, ছেলেকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। যেভাবে চারপাশে হামের রোগী বাড়ছে, তাতে আমাদের ঘুম হারাম হয়ে গেছে। আমরা সরকারের সহযোগিতা চাই, যাতে শিশুরা দ্রুত সুস্থ হয়ে ওঠে।

সদর উপজেলার হাউসদি এলাকার বাসিন্দা ফাতেমা আক্তার বললেন, আমার মেয়ে পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি। কিছুতেই হাম কমছে না। এমন পরিস্থিতিতে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র কনসালটেন্ট ডা. জহিরুল ইসলাম খান বলেছেন, বর্তমানে সারা বিশ্বেই হামের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তাই সবাইকে সচেতন হতে হবে। হামের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকার জানান, হাম একটি সংক্রামক রোগ হওয়ায় রোগীদের জন্য আলাদা ইউনিট চালু করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামের প্রকোপ বাড়তে থাকায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

    শেয়ার করুন: