মধুপুর শালবনে ঝুলছিল যুবকের লাশ

টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যান এলাকায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে স্থানীয় নারীরা বনে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে লাশটি দেখতে পান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্যানের পূর্বদিকে বেরিবাইদ ভিটের বলি বাগান এলাকায় প্রথমে কয়েকজন নারী গাছে ঝুলন্ত লাশটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী রসুলপুর এলাকার বাসিন্দা মুন্না ও তাইজ উদ্দিন জানিয়েছেন, বিকেল প্রায় ৫টার দিকে তারা ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে সন্ধ্যার পর ঘটনাস্থলে পৌঁছান জলছত্র পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল, এসআই বিমল চন্দ পাইন, বেলাল উদ্দিনসহ পুলিশের একটি দল। পুলিশ লাশটি গাছ থেকে নামিয়ে উদ্ধার করে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক উল্লেখ করেছেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার বয়স প্রায় ৩০ বছর। পরনে খয়েরি রঙের শার্ট ও লুঙ্গি ছিল। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তার ভাষ্য, ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।



