ঈদ আনন্দে বিষাদ
সাঁকো ভেঙে নদীতে শতাধিক দর্শনার্থী, ভাইবোনসহ নিহত ৫

ছবিঃ আগামীর সময়
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পরিত্যক্ত ভাসমান সাঁকো ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে দুই পরিবারের চার সহদোরসহ পাঁচ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আর কোনো নিখোঁজ না থাকায় উদ্ধারে অভিযান সমাপ্ত করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (২১ মার্চ) বিকাল ৪টার দিকে দেওয়ানগঞ্জ পৌর শহরে থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর প্লাস্টিকের ড্রামের তৈরি ভাসমান সাঁকো ভেঙে এই দূর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো, দেওয়ানগঞ্জ ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল আবেদীনের মেয়ে মায়া মনি (১০) ও তার ছেলে মিহাত (১৪), উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬), মেয়ে খাদিজা (১২) ও দেওয়ানগঞ্জ পৌর শহরের বেলতলি বাজার এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪)।
স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের পূর্ব পাড়ে একটি পার্ক ও নদের ওপর ভাসমান সাঁকোকে কেন্দ্র করে দর্শনার্থীদের ভীড় জমে। এ সময় দর্শনার্থীরা ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান সাঁকো দিয়ে পূর্বপাড়ের ইকো পার্কে যাওয়ার জন্য ভীড় জমায়। অতিরিক্ত দর্শার্থীর চাপে ভাসমান সাঁকো ভেঙে যায়। এতে ব্রহ্মপুত্র নদে পড়ে যায় শতাধিক দর্শনার্থী। একে একে সকলে সাঁতার কেটে তীরে উঠলেও নিখোঁজ থাকে বেশ কয়েকজন শিশু। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডুবরী দলের অভিযানে ও স্থানীয়দের সহায়তায় পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঈদের খুশির মধ্যেই পাঁচ শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেওয়ানগঞ্জ উপজেলায়। এখন আর কোনো শিশু নিখোঁজ না থাকায় অভিযান বন্ধ করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় শান্তি নামে এক শিশু আহত হয়ে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জমান মিল্লাত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উপস্থিত থেকে উদ্ধার অভিযান তদারকি করেন।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ রবিউল ইসলাম আকন্দ বলেছেন, পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন চিকিৎসাধীন রয়েছে। আর কোনো নিখোঁজের অভিযোগ না থাকায় আমাদের উদ্ধার অভিযান বন্ধ ঘোষনা করা হয়েছে।
এ ঘটনায় শোক প্রকাশ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেছেন, ঘটনা জানার পরেই আমি চলে আসি এবং প্রশাসন, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। এদের মধ্যে অস্বচ্ছল পরিবারকে আর্থিক সহয়তা দেওয়া হবে।

