আগামীর সময়

হাসপাতালের মেডিসিন ভবনে আগুন, দুই রোগীর মৃত্যুর অভিযোগ

হাসপাতালের মেডিসিন ভবনে আগুন, দুই রোগীর মৃত্যুর অভিযোগ

সংগৃহীত ছবি

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে লাগা এই আগুনের পর আতঙ্ক ও অক্সিজেন সংকটে দুই রোগীর মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে গিয়ে আহত হয়েছেন তিন আনসার সদস্য।

মৃতরা হলেন, বরিশাল নগরের বারোইঝার হাট এলাকার আবুল হোসেন হাওলাদার (৬৫) এবং পটুয়াখালী সদরের কাজী আতাউর রহমান। আবুল হোসেন স্ট্রোকজনিত কারণে গত ১৩ মার্চ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।

স্বজনদের অভিযোগ, অক্সিজেন ছাড়াই নিচে নামানোর সময় বাড়ি যান কাজী আতাউর রহমান। তিনি চতুর্থ তলায় ভর্তি ছিলেন। তার জন্য অক্সিজেনের ব্যবস্থা করতে বারবার অনুরোধ করা হলেও সময়মতো তা পাওয়া যায়নি। এই অভিযোগ ঘিরে হাসপাতালজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে গিয়ে আহত হয়েছেন রাজিব, নাজমুল ও হাসিবুল নামে তিন আনসার সদস্য। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জানান, প্রথমে ধোঁয়ার গন্ধ পেয়ে সন্দেহ হয়। কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা দেখা গেলে রোগীদের নিয়ে স্বজনরা দ্রুত নিচে নামতে শুরু করেন। কেউ কোলে, কেউ হুইলচেয়ারে করে অসুস্থ রোগীদের সরিয়ে নেন। এতে পুরো হাসপাতালে চরম বিশৃঙ্খলা ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১২টা মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মানিকুজ্জামান বলেন, দ্রুত পদক্ষেপের কারণে আগুন ছড়িয়ে পড়েনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, তবে তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। আগুনে স্টোররুমে থাকা ফোম ও পুরোনো চিকিৎসা সামগ্রী পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

এ বিষয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে।

    শেয়ার করুন: