কালভার্ট ভেঙে জঙ্গল ছলিমপুরের অভিযানে বাধা

চট্টগ্রামের জঙ্গল ছলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর নজিরবিহীন অভিযানে আটক করা হয়েছে কয়েকজনকে। অভিযান ঠেকাতে সন্ত্রাসীরা সেখানে খালের ওপরের কালভার্ট ভেঙে দিয়েছে, বলছে পুলিশ।
পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির তিন হাজারের বেশি সদস্য কয়েক ভাগে সোমবার সকাল থেকে অভিযানটি চালাচ্ছে। বেলা ১২টার দিকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান সাংবাদিকদের জানালেন, পুরো অভিযান শেষ করে জানানো হবে বিস্তারিত।
অভিযানে বাধা দিতে আলী নগরের শুরুতে একটি বড় ট্রাক আড়াআড়ি করে রেখে দেওয়া হয়েছে। কিছু দূরে খালের ওপর কালভার্ট ভেঙে দেওয়া হয়েছে। খালে ইট-বালি-সিমেন্ট দিয়ে ভড়াট করে গাড়ি প্রবেশ করানো হয়েছে- জানাচ্ছিলেন অতিরিক্ত ডিআইজি।
সূত্র বলছে, অভিযানে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে আকাশপথ থেকে নজরদারি করা হচ্ছে। এছাড়া মাটির নিচে বা ঝোপঝাড়ে লুকিয়ে রাখা অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে নিয়োজিত রয়েছে বিশেষজ্ঞ ডগ স্কোয়াড।
‘পাহাড়ি ও দুর্গম এই এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের অবস্থান, অবৈধ অস্ত্র মজুদ এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আত্মগোপনের অভিযোগ রয়েছে’- তথ্য দিচ্ছিলেন অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান।
জঙ্গল ছলিমপুরের খাস জমি দীর্ঘদিন ছিল দখলে। ২০২২ সালে টানা উচ্ছেদ অভিযান চালায় তৎকালীন সরকার। নেয়া হয ক্রিকেট স্টেডিয়াম, ইকোপার্কসব বিভিন্ন স্থাপনা করার উদ্যোগ। চব্বিশের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এলাকাটি সন্ত্রাসীদের দখলে।
গত বছরের ৪ অক্টোবর স্থানীয় সন্ত্রাসী হিসেবে পরিচিত ইয়াছিন ও রোকন-গফুর বাহিনীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত হন। সংবাদ সংগ্রহে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হন সাংবাদিকরা।
সবশেষ গত ১৯ জানুয়ারি অভিযানে গিয়ে স্থানীয়দের হামলায় নিহত হন র্যাব-৭ এর সদস্য নায়েক সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া।

