১৭ বছরে খাল খননে বড় উদ্যোগ নেই: শামা ওবায়েদ ইসলাম

১৭ বছরে খাল খননে বড় উদ্যোগ নেই মন্তব্য শামা ওবায়েদ ইসলামের
গত ১৭ বছরে দেশে খাল, নদী ও নালা খননে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, এর ফলে জলাশয়গুলো শুকিয়ে যাচ্ছে এবং কৃষকদের জীবনমানেও প্রত্যাশিত উন্নয়ন ঘটেনি।
গতকাল শনিবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি-গোবিন্দপুর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের ভোটে ক্ষমতায় এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাস্তবায়ন করে খাল খনন কর্মসূচি, যা দেশের কৃষি উন্নয়নে রেখেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ইশতেহারের অংশ হিসেবে আবারও শুরু হয়েছে খাল খনন কার্যক্রম।
তিনি আরও বলেছেন, তারেক রহমানের ঘোষিত ২০ হাজার কিলোমিটার খাল খনন পরিকল্পনার আওতায় সালথায় শুরু হয়েছে এই কার্যক্রম এবং পর্যায়ক্রমে তা দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারিত হবে। এতে কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিএনপিকে জনগণের সেবায় নিয়োজিত দল হিসেবে উল্লেখ করে তিনি বললেন, ‘১৭ কোটি মানুষের দেশে যে দলই করুক না কেন সবার সরকার হবে বিএনপি সরকার।’ তিনি দল-মত নির্বিশেষে সবার জন্য সমান সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান, সালথা থানার ওসি বাবলুর রহমান খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



