ফুলপুরে সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৩

সংগৃহীত ছবি
ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সেনা সদস্যসহ অন্তত ১২ জন।
ফুলপুর পৌরসভার বালিয়া মোড় সংলগ্ন কাকলি রাইস মিলের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে সকাল বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন।
নিহতরা হলেন, সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল করিম, বাসচালক ৫০ বছরের আব্দুল বাসেত ও এক পথচারী।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলছে, সেনাবাহিনীর একটি ট্রাক ফুলফুল ক্যাম্প থেকে ময়মনসিংহে যাচ্ছিল। পথে বালিয়া মোড়ে শেরপুরগামী একটি বাসের সঙ্গে এর সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় ট্রাক ও বাসের সামনের অংশ।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, “হাসপাতালে নেয়ার পথে দুই গাড়ির চালক মারা যান।”
দুর্ঘটনার পর শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক বলে জানায় জেলা পুলিশ।

