জঙ্গল সলিমপুরে নজিরবিহীন যৌথ অভিযান শুরু

সংগৃহীত ছবি
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসী ও অপরাধীদের অভয়ারণ্য থেকে মুক্ত করতে নজিরবিহীন যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। এলাকাটিকে পুরোপুরি নিরাপদ করতে এবং অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এ পদক্ষেপ।
সোমবার (৯ মার্চ) সকালে জঙ্গল সলিমপুরের অভিযান নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছে পুলিশ।
কর্মকর্তারা বলছেন, যৌথ বাহিনীর ৩ হাজারের বেশি সদস্য জঙ্গল সলিমপুরের অভিযান চালাচ্ছে। বিভিন্ন বাহিনীর অফিসার এখানে কাজ করছেন। যতক্ষণ সময় লাগবে ততক্ষণ অভিযান চলবে।
তারা বলেছেন, জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্প হবে। এখানে বিভিন্ন বাহিনীর সদস্যরা থাকবে। সন্ত্রাসী আস্তানা হিসেবে যেন না থাকে সেই ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, জঙ্গল সলিমপুরে অপরাধীদের অবস্থান ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একযোগে কাজ করছেন। পুরো এলাকাটি ঘিরে বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও অভিযানের পরিধি বাড়াতে সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।

