১১ দিন পর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

ছবিঃ আগামীর সময়
টানা ১১ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে বাংলাদেশ-ভারত পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।
রবিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু হয়। পবিত্র ঈদুল ফিতর, স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে গত ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত এই কার্যক্রম বন্ধ ছিল।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম মন্ডল জানিয়েছেন, দীর্ঘ ছুটির কারণে বন্দরের সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। তবে কার্যক্রম শুরু হওয়ায় কাস্টমস কর্মকর্তা, পানামা পোর্ট কর্তৃপক্ষ, আমদানিকারক ও শ্রমিকদের মাঝে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আমির হামজা বলেছেন, ‘বেলা সাড়ে ১১টার পর থেকেই ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ শুরু করেছে। একই সঙ্গে বাংলাদেশ থেকেও রপ্তানিযোগ্য পণ্য ভারতে পাঠানো হচ্ছে। আমদানিকৃত পণ্য দ্রুত খালাসের জন্য শুল্কায়নসহ প্রয়োজনীয় সব দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্নে প্রস্তুত রয়েছে সংশ্লিষ্টরা।’

