আমুর বাসভবনে ‘ময়লা ফেলার স্থান’ লেখা ব্যানার টানাল শিক্ষার্থীরা

ছবি: আগামীর সময়
ঝালকাঠি শহরের রোনালস রোডে অবস্থিত সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমির হোসেন আমুর পরিত্যক্ত বাসভবন ঘিরে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা।
আজ বুধবার দুপুরে ‘জুলাই ছাত্র আন্দোলনকারী’ শিক্ষার্থীরা ড্রিল ও গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে ফেলেন বাড়িটির প্রধান লোহার গেটের একটি অংশ। সামনে নির্মিত টিনশেডের বেড়া অপসারণের পর উন্মুক্ত করা হয় জায়গাটি।
ঘটনাস্থলে শিক্ষার্থীরা ভবনের ভেতরে ‘পৌরবাসীর ময়লা ফেলার স্থান ও বাচ্চাদের খেলাধুলার স্থান’ লেখা একটি ব্যানার টানিয়ে দেন। পাশাপাশি খোলা জায়গাটি খেলাধুলার জন্য ব্যবহারের আহ্বান জানিয়ে টানানো হয় আরেকটি ব্যানার।
স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা বাসভবনের প্রধান ফটকের সামনে টিনশেডের বেড়া নির্মাণ করে বন্ধ করে দেয় প্রবেশপথ।
স্থানীয়দের দাবি, ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতেই এই বেষ্টনী তৈরি করা হয়েছিল। তবে কারা এটি করেছে, সে বিষয়ে পাওয়া যায়নি কোনও নিশ্চিত তথ্য।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন জানালেন, ভবনটি অতীতের একটি রাজনৈতিক প্রতীক হিসেবে সংরক্ষণ করতে চান তারা। তার ভাষ্য, সংরক্ষণের নামে কোনও গোপন উদ্যোগ নেওয়া হলে তা প্রতিহত করা হবে।
একই ধরনের অবস্থান তুলে ধরেন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি। তিনি মন্তব্য করেন, ভবনটি বর্তমান অবস্থাতেই থাকবে এবং এখানে কোনো ধরনের সংস্কার বা দখলমূলক কার্যক্রম করতে দেওয়া হবে না।
ঝালকাঠি সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ আগামীর সময়কে বলেলেন, ঘটনাটি নজরে এসেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে আমরা সতর্ক।



