আগামীর সময়

নাটোরে মাটির নিচ থেকে ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, অতঃপর...

নাটোরে মাটির নিচ থেকে ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, অতঃপর...

নাটোরের সিংড়ায় জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ১০ হাজার লিটার তেল মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুর ২টার দিকে সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল রিফাত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে মাটির নিচে রাখা একটি ট্যাংকির মধ্যে প্রায় ১০ হাজার লিটার তেল মজুদ অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিংড়া থানার মোড় এলাকার সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রুবেলকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি আগামীকালের মধ্যে তেলগুলো বৈধভাবে ডিজেল বিক্রির দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।

মো. রুবেল নিংগইন ভাটোপাড়া মহল্লার মো. বেল্লাল হোসেনের ছেলে।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।

অন্যদিকে একই দিনে উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারেও অভিযান পরিচালনা করা হয়। সেখানে বিভিন্ন অনিয়মের দায়ে তিন দোকানিকে মোট আট হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দিপু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে তেল বিক্রির চেষ্টা করছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধরা পড়া ব্যবসায়ীর তেল মজুদের অনুমতি থাকলেও তিনি যথাযথ নিয়ম না মেনে বেআইনিভাবে মজুদ করেছিলেন। এজন্য পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী তাকে জরিমানা করা হয়েছে।

ইউএনও আরও জানান, বাজারে কৃত্রিম সংকট রোধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

    শেয়ার করুন: