বরিশালে অবৈধ কারেন্ট জালসহ ১৪ জেলে আটক

ছবিঃ আগামীর সময়
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি পাঙাশ মাছের পোনা ধরার চাঁই (বাঁশের তৈরি ফাঁদ) ও ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) ভোরে হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
এর আগে রবিবার দিবাগত রাতভর মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে মৎস্য দপ্তর।
হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে একটি পাঙাশের পোনা ধরার চাঁই ও ৩০ হাজার অবৈধ কারেন্ট জালসহ ১৪ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। নির্বাহী হাকিম অভ্র জ্যোতি বড়ালের আদালত ১০ জনকে ৪ হাজার টাকা করে এবং ৪ জনকে ২ হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় জব্দ করা অবৈধ চাঁই ও অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।
আটকরা হলেন, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ার লক্ষ্মীপুর এলাকার শাহাবুদ্দিন, সাইদুল ইসলাম, জাকির, রুবেল মাঝি, বাবুগঞ্জ এলাকার রাসেল, আরিফ এবং বাথুয়া এলাকার আল আমিন। মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়ার উত্তর দাদপুর এলাকার শাহ-আলম ও হিজলা উপজেলার ধুলখোলা পালপাড়া এলাকার নূর ইসলাম রাঢ়ি, মো. আনিচ ও মো. সাকিল মাঝি। নোয়াখালীর চেয়ারম্যান ঘাটের চরকাশিয়া এলাকার মো. মিরাজ হোসেন, মো. ইব্রাহীম ও ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ এলাকার মো. সুলাইমান।

