আগামীর সময়

কক্সবাজার

তামাকের মাঠে কৃষকের ‘লাল বিপ্লব’

তামাকের মাঠে কৃষকের ‘লাল বিপ্লব’

সংগৃহীত ছবি

তামাকের চাষে অভ্যস্ত কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়নের বিস্তীর্ণ মাঠের মাটি। এবার সেখানে দেখা গেল ভিন্ন দৃশ্য। সবুজ পাতার মাঝে উঁকি দিচ্ছে টকটকে লাল স্ট্রবেরি। তামাকের মাঠে এই লাল বিপ্লবের নায়ক মিনিবাজার এলাকার কৃষক মোহাম্মদ কাইছার।

তামাকের একচেটিয়া চাষের মাঝখানে দাঁড়িয়ে তিনি দেখাচ্ছেন বিকল্প কৃষির সম্ভাবনা, লাভের নতুন হিসাব।

বাড়ির অদূরে মাতামুহুরী নদীর চরে ২৫ শতক জমিতে তার গড়ে তোলা তার স্ট্রবেরি খেত এখন এলাকায় বেশ জনপ্রিয়। আগে প্রতিবছর জমির প্রায় চার ভাগের তিন ভাগ তামাকে ভরে যেত। এখন সেখানে আধুনিক পদ্ধতিতে তিনি ফলাচ্ছেন ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি।

চলতি মৌসুমে রাজশাহীর একটি নার্সারি থেকে ৩ হাজার উন্নত জাতের ফেস্টিভ্যাল স্ট্রবেরির চারা সংগ্রহ করেন কাইছার। রোপণ করেন ২০২৪ সালের ১৭ নভেম্বর। অল্প দিনেই তাতে দেখা দেয় সাদা ফুল। আর ফল দিতে শুরু ২৮ জানুয়ারি থেকে।

মাঠ প্রস্তুত, চারা কেনা ও পরিচর্যাসহ স্ট্রবেরি চাষে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা খরচের ফিরিস্তি দিলেন কাইছার। তবে ফল বিক্রি করে অল্পদিনেই খরচ তুলে লাভও পেয়ে গেছেন বলে উচ্ছ্বসিত এই কৃষক। 

এখন পর্যন্ত সাড়ে ৪ লাখ টাকার স্ট্রবেরি বিক্রির কথা জানালেন তিনি। আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে বিক্রি হবে আরও অন্তত ১ থেকে দেড় লাখ টাকার ফল।

প্রতিদিন ১৫ থেকে ২০ কেজি স্ট্রবেরি সংগ্রহ করে তিনি বিক্রি করছেন চকরিয়া ও কক্সবাজার শহরের সুপার শপ, ফলের দোকান ও পাইকারদের কাছে।

‘২০০৭ সালে প্রথম স্ট্রবেরি চাষ শুরু করি। সে সময় স্থানীয় বাজারে ফলটির পরিচিতি না থাকায় এবং ক্রেতা সংকটের কারণে দুই বছর পর চাষ বন্ধ করতে বাধ্য হই। দীর্ঘ বিরতির পর ২০২২ সালে আবার নতুনভাবে চাষ শুরু করি। এবারের মৌসুমে নতুন জাতের ফেস্টিভ্যাল স্ট্রবেরি এনে চাষ শুরু করি’- বলছিলেন কাইছার।

চাষের পদ্ধতির বর্ণনাও দিলেন খানিকটা।

‘স্ট্রবেরি মূলত শীতকালীন বিদেশি ফল। প্রথমে পাওয়ার টিলার দিয়ে মাটি ঝরঝরে করতে হয়। এরপর মালচিং পদ্ধতিতে চাষাবাদ করতে হয়, যাতে আগাছা কম হয় ও ফল পরিষ্কার থাকে। নিয়মিত সেচ ও পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যায়।’

স্ট্রবেরি ফলাতে বিভিন্ন বেসরকারি সংস্থার প্রযুক্তিগত সহায়তা নিয়েছেন কাইছার। 

সম্প্রতি তার খেত পরিদর্শন করেছেন উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা। কাইছারের খেতে ফলন ভালো হওয়ায় অন্য কৃষকদের মধ্যেও এ নিয়ে আগ্রহ দেখেছেন তারা।

তামাকের বিকল্প হিসেবে স্ট্রবেরি লাভজনক ফসল হতে পারে বলে অভিমত কৃষি কর্মকর্তাদের।

    শেয়ার করুন: