আগামীর সময়

স্টক রেজিস্টারে শূন্য, দোকানে মিলল ২৫০০ লিটার তেল

স্টক রেজিস্টারে শূন্য, দোকানে মিলল ২৫০০ লিটার তেল

ছবিঃ আগামীর সময়

স্টক রেজিস্টারে তেলের পরিমাণ শূন্য দেখানো হলেও দোকানে মজুদ ছিল বিপুল পরিমাণ জ্বালানি তেল। এ ঘটনায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ লিটার তেল উদ্ধার এবং দোকান মালিককে জরিমানা করেছে জেলা প্রশাসন।

শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে জামালপুর পৌর শহরের পিটিআই মোড়ে জুই এন্টারপ্রাইজ নামের একটি তেলের দোকানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল থেকেই তেল নেওয়ার জন্য শতাধিক মোটরসাইকেল চালক লাইনে দাঁড়িয়ে ছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও দোকান বন্ধ থাকায় তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে তারা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে প্রায় দেড় ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে সকাল ১১টার দিকে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ দোকানটি পরিদর্শন করেন।

তল্লাশিতে দেখা গেছে, স্টক রেজিস্টারে তেলের পরিমাণ শূন্য দেখানো হলেও দোকানের ড্রামে ২ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল মজুদ রয়েছে। পরে তাৎক্ষণিকভাবে ওই তেল বিক্রির নির্দেশ দেওয়া হয় এবং জুই এন্টারপ্রাইজের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেছেন, ‘ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং মজুদ থাকা তেল গ্রাহকদের মধ্যে বিতরণ করা হয়েছে।’

‘স্টক রেজিস্টারে তেলের পরিমাণ শূন্য দেখানো হলেও বাস্তবে বিপুল তেল মজুদ পাওয়া গেছে। এ কারণে দোকান মালিককে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।’ - বলেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী সতর্ক করে বলেছেন, ‘কোনোভাবেই তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে দেওয়া হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।’

    শেয়ার করুন: