গাজীপুর সিটি করপোরেশন
রাস্তা দেবে যাওয়ায় নির্বাহী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরখাস্ত

ছবিঃ আগামীর সময়
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় একটি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার দুপুরে ওই রাস্তা পরিদর্শনে এসে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, কাশিমপুর নামাবাজার হতে ধনঞ্জয়খালি প্রাইমারি স্কুল হয়ে গাজীপুর সিটি করপোরেশনের সীমানায় বিল্লালের বাড়ি পর্যন্ত রাস্তাটি নির্মাণকালে সম্প্রতি মাটির নিচে কয়েক ফুট গর্ত হয়ে দেবে যায়। রাস্তাটি বাস্তবায়ন করছিল গাজীপুর সিটি করপোরেশন। রাস্তাটি ভেঙে যাওয়ার পরে সামাজিক মাধ্যমে এটি প্রচার হয়। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি মন্ত্রণালয়ের নোটিশে আনেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, গাজীপুরের জেলা প্রশাসক নুরুল কবির ভূঁইয়া, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান সহ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা।
প্রতিমন্ত্রী বলছিলেন, বিষয়টি দুই দিন তদন্ত করা হয়েছে। তদন্তকারীরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা প্রাথমিকভাবে যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন তাতে প্রতীয়মান হয়েছে রাস্তাটিতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের বিষয়টিও এখানে এসেছে। টোটাল প্রকল্পের বরাদ্দ ছিল ২২ কোটি টাকা। এর মধ্যে একটি প্যাকেজে ব্যয় ধরা হয় ১২ কোটি টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠানকে ছয় কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
প্রাথমিকভাবে করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন ও রশিদ এবং কাশিমপুর জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান আর কাজ করতে পারবে না। তাদের কালো তালিকায়ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

