সিদ্ধিরগঞ্জে ইজিসিবি সাবস্টেশনে আগুন

ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ ইজিসিবির ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তার ভাষ্য, ট্রান্সফরমারে প্রায় এক লাখ লিটার তেল মজুদ ছিল, দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রায় ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার রক্ষা করা সম্ভব হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে হঠাৎ সাবস্টেশনের ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। এরপর ট্রান্সফরমারের দিক থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের তৎপরতায় অল্প সময়েই পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনার পর বিদ্যুৎকেন্দ্র ও গ্রিড উপকেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমারের কারিগরি ত্রুটি বা অতিরিক্ত তাপের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



