আগামীর সময়

নাটোরে ইমামকে কুপিয়ে জখমের পরদিনই ছোট ভাইয়ের ওপর হামলা

নাটোরে ইমামকে কুপিয়ে জখমের পরদিনই ছোট ভাইয়ের ওপর হামলা

প্রতীকী ছবি

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় স্থানীয় এক মসজিদের ইমামকে কুপিয়ে জখম করার একদিন পরই তার ছোট ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। পৃথক দুই হামলায় গুরুতর আহত দুই ভাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গত শুক্রবার বেলা দুইটার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টুনিপাড়া মসজিদের ইমাম আবুল খায়েরকে জুমার ইমামতি শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে। পরদিন গতকাল শনিবার রাতে তার ছোট ভাইয়ের ওপরও সশস্ত্র হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন ইমাম আবুল খায়ের। এসময় পথিমধ্যে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই পরদিন শনিবার সন্ধ্যার দিকে ইমাম আবুল খায়েরের ছোট ভাই ইয়াকুব আলীর ওপর হামলার ঘটনা ঘটে। জানা গেছে, পাশের গ্রামে তার চাচার বাড়িতে যাওয়ার পথে তাকে একা পেয়ে ৪–৫ জন দুর্বৃত্ত তাকে ধরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইয়াকুব আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সজিবুর রহমান জানান, আহত ব্যক্তির শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    শেয়ার করুন: