ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামে অস্থির জ্বালানি বাজার

সংগৃহীত ছবি
ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এই দুই ঘটনার প্রভাবেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি খুলে না দিলে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।
অন্যদিকে ইসরায়েল সতর্ক করে জানিয়েছে, বর্তমান সংঘাত আরও কয়েক সপ্তাহ ধরে চলতে পারে, যা অঞ্চলজুড়ে অস্থিরতা বাড়াতে পারে।
বার্তা সংস্থা এএফপি জানায়, গ্রিনিচ মান সময় রবিবার রাত ১০টায় বাজার খোলার পরপরই তেলের দামে ঊর্ধ্বগতি শুরু হয়। মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মে মাসের সরবরাহমূল্য প্রায় ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়, যদিও পরে কিছুটা কমে আসে।
একই সময়ে নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের দামও বৃদ্ধি পায়। মে মাসের সরবরাহমূল্য ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৪৪ ডলারে ওঠে। তবে লেনদেন শুরুর কিছু সময় পর তা কিছুটা কমে প্রায় ১১১ ডলারের কাছাকাছি স্থিতিশীল হয়।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর আগের দিন ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল যথাক্রমে ৬৭ দশমিক ০২ এবং ৭২ দশমিক ৪৮ ডলার।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে চাপ সৃষ্টি করছে। পরিস্থিতি আরও জটিল হলে তেলের দামে বড় ধরনের ওঠানামার আশঙ্কা রয়েছে।

