কাগতিয়া কামিল মাদরাসার ৯০তম সালানা জলসা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি
উত্তর চট্টগ্রামের অন্যতম প্রাচীন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসার ৯০তম সালানা জলসা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বেলা ৩টা থেকে রাউজানস্থ মাদরাসার মূল ক্যাম্পাস ময়দানে এই ঐতিহ্যবাহী মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
জলসায় বক্তারা বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই কাগতিয়া মাদরাসা কুরআন ও হাদিসের জ্ঞান বিতরণের পাশাপাশি তাসাউফের চর্চায় অনন্য ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ত্যাগের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। বর্তমান অধ্যক্ষের বলিষ্ঠ নেতৃত্বে মাদরাসার একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের ঈর্ষণীয় ফলাফল এই অগ্রযাত্রারই প্রমাণ দেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, চবি গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, রাউজান উপজেলা নির্বাহী অফিসার এস. এম. রাহাতুল ইসলাম এবং চট্টগ্রাম সরকারি মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ কামরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতি কাজী মাওলানা মোহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।
জলসা শেষে মিলাদ-ক্বিয়াম অনুষ্ঠিত হয়। এরপর দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।



