ইস্টার্ন ব্যাংকের নতুন এমডি হাসান ও রশিদ

ইস্টার্ন ব্যাংকের নতুন এমডি হাসান ও রশিদ। ছবি: সংগৃহীত
ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হাসান ও রশিদ। এর মাধ্যমে তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করা আলী রেজা ইফতেখারের স্থলাভিষিক্ত হয়েছেন। যিনি ২০০৭ সাল থেকে ব্যাংকটির এমডি হিসেবে দায়িত্বে ছিলেন।
বাংলাদেশের কোনো ব্যাংকে এত দীর্ঘ সময় একটানা এমডি দায়িত্ব পালনের এটি বিরল উদাহরণ।
ইস্টার্ন ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাংকিং খাতে তিন দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন হাসান ও রশিদ দেশীয় ও গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে। প্রাইম ব্যাংকে এমডি হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি ছিলেন ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি)।
এর আগে তিনি ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ, এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন নেতৃত্বমূলক পদে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তার সুনাম রয়েছে ট্রান্সফরমেশন, ইনোভেশন ও কৌশলগত নেতৃত্বে। ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ইবিএলের এএমডি হিসেবে দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে ব্যাংকের ব্যালান্স শিট দ্বিগুণ হয় এবং ট্রেড ফাইন্যান্স কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়। তার উদ্যোগেই দেশে প্রথমবারের মতো কমার্শিয়াল পেপার ও জিরো কুপন বন্ডের মতো আর্থিক উপকরণ চালু হয়।
হাসান ও রশিদ যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতি ও ব্যবসায় প্রশাসনে স্নাতক এবং থান্ডারবার্ডের গারভিন স্কুল অব ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট থেকে আন্তর্জাতিক ব্যবস্থাপনা অর্জন করেছেন স্নাতকোত্তর ডিগ্রি। তিনি ওয়াল স্ট্রিট জার্নাল স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের পাশাপাশি অর্জন করেছেন যুক্তরাজ্যের ওমেগা ইনস্টিটিউট থেকে ‘ক্রেডিট প্রফেশনাল’ সনদও।



