৩৩৯ নম্বর পোর্টে বিদেশি বিনিয়োগ আসবে না: আশিক চৌধুরী

সংগৃহীত ছবি
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, বাংলাদেশের বর্তমান পোর্ট র্যাঙ্কিং ৩৩৯তম, যা দিয়ে কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ বা এলডিসি উত্তরণও ঠিকভাবে হবে না। বন্দরকে ‘অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত’ তকমা থেকে মুক্ত করতে হলে আন্তর্জাতিক মানের পোর্ট অপারেট করার বিকল্প নেই। আজ রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বিডা চেয়ারম্যান।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালকে (এনসিটি) আন্তর্জাতিক মানে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়ে আশিক চৌধুরী বলেন, লালদিয়া টার্মিনালের চুক্তি ইতোমধ্যে সই হয়েছে। ২০২৮-২৯ সালের মধ্যে এনসিটির পাশেই আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডের লালদিয়া কনটেইনার টার্মিনাল পাব এবং পতেঙ্গা টার্মিনালও পূর্ণাঙ্গভাবে সচল হবে। আমার ভয় হচ্ছে, এনসিটি যদি নিজেকে আধুনিক করতে না পারে, তবে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে তারা সিগনিফিকেন্টলি বিজনেস হারানো শুরু করবে।
আন্তর্জাতিক মান অর্জন করতে না পারলে বাংলাদেশ বিশ্ববাজারের প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বলে সতর্ক করেন তিনি। বিনিয়োগের বর্তমান পরিস্থিতি নিয়ে বিডা চেয়ারম্যান বলেন, একটি শক্তিশালী ইনভেস্টমেন্ট পাইপলাইন তৈরি করা এবং কিছু মৌলিক সমস্যার সমাধান করাই ছিল সরকারের মূল লক্ষ্য। গণঅভ্যুত্থান পরবর্তী বছরেই বিনিয়োগ হঠাৎ করে ১০ গুণ হয়ে যাওয়ার সম্ভাবনা কম। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা মধ্যমেয়াদী লক্ষ্য নিয়ে কাজ করছি।
তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী সরকার যদি বর্তমান উন্নয়নের ধারা বজায় রাখে, তবে আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে দেশের বিনিয়োগ পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নয়ন দেখা যাবে। তবে এই উন্নতি দেখতে হলে বর্তমান কাঠামোগত সীমাবদ্ধতা ভাঙতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিডা চেয়ারম্যান জানান, অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের এনসিটি অপারেটিংয়ের জন্য বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না। বিষয়টি রিভিউ করার জন্য আরও সময় চেয়েছে ডিপি ওয়ার্ল্ড। তবে পরবর্তীতে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে এই উদ্যোগ এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন আশিক চৌধুরী।
সংবাদ সম্মেলনে বলা হয়, ডিপি ওয়ার্ল্ড তাদের চিঠিতে দ্বিপাক্ষিক আলোচনা প্রক্রিয়ার প্রশংসা করেছে এবং ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

