মুনাফা ৮৩৫ কোটি টাকা, ৩৯৯ কোটি দেবে শেয়ারহোল্ডারদের

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে ২০২৫ সালের ব্যবসায় অর্জিত মুনাফার ৫২ শতাংশ কোম্পানিতে রেখে দেওয়ার। শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করা হবে ৪৮ শতাংশ। যে কোম্পানিটির আগের বছরের তুলনায় ২০২৫ সালে মুনাফা বেড়েছে ৮ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ব্যাংকটির ২০২৫ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ৫.২৩ টাকা হিসাবে ৮৩৪ কোটি ৬১ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ২৫% হিসাবে শেয়ারপ্রতি ২.৫০ টাকা করে মোট ৩৯৮ কোটি ৯৫ লাখ টাকার নগদ লভ্যাংশ বিতরণ করা হবে। যা মুনাফার ৪৭.৮০%। মুনাফার বাকি ৪৩৫ কোটি ৬৬ লাখ টাকা বা ৫২.২০% কোম্পানিতে রেখে দেওয়া হবে। এরমধ্যে ৩% বোনাস শেয়ার হিসেবে ৪৭ কোটি ৮৭ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে এবং বাকি ৩৮৭ কোটি ৭৯ লাখ টাকা সংরক্ষিত আয়ে (রিটেইন আর্নিংস) যোগ হবে।
ব্যাংকটির আগামী ১১ জুন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এই লভ্যাংশ বিতরণ করা হবে।
এর আগে ২০২৪ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি ৪.৮৬ টাকা করে নিট ৬৫৯ কোটি ৯০ লাখ টাকা মুনাফা হয়েছিল। এর বিপরীতে শেয়ারহোল্ডারদের ১৭.৫০% নগদ ও ১৭.৫০% বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়া হয়। ওই বছর মুনাফার ৬৪ শতাংশ কোম্পানিতে রেখে দেয় ইস্টার্ন ব্যাংক কর্তৃপক্ষ।
এদিকে ব্যাংকটির আগের বছরের তুলনায় ২০২৫ সালে ৮% মুনাফা বেড়েছে। এ ব্যাংকটির আগের বছরের ৪.৮৬ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৫ সালে হয়েছে ৫.২৩ টাকা।
উল্লেখ্য, ১৯৯৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ইস্টার্ন ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৫৯৫ কোটি ৮১ লাখ টাকা। এ কোম্পানিটির শনিবার (১৮ এপ্রিল) শেয়ার দর দাঁড়িয়েছে ২৬.৭০ টাকায়।



