বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৮ কোম্পানির মুনাফায় ভাটা

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে ২০টি কোম্পানি চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর–ডিসেম্বর ২৫) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে প্রাপ্ত তথ্যমতে, আলোচ্য সময়ে ৮টি কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) গত বছরের তুলনায় কমেছে। বিপরীতে আয় বেড়েছে ৯টির এবং ৩টি কোম্পানি টানা লোকসান গুনছে।
আয় কমে যাওয়ার তালিকায় থাকা কোম্পানিগুলো হলো—ইস্টার্ন লুব্রিক্যান্টস, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, যমুনা অয়েল, লুবরেফ বিডি, এমজেএল বিডি, মেঘনা পেট্রোলিয়াম, পাওয়ার গ্রিড এবং সামিট পাওয়ার।
পরিসংখ্যান অনুযায়ী, যমুনা অয়েল ও এমজেএল বিডির মুনাফায় বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। যমুনা অয়েলের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ১২ টাকা ৬৮ পয়সা থেকে কমে ৬ টাকা ২৬ পয়সায় নেমেছে। অন্যদিকে, এমজেএল বিডির আয় ৩ টাকা ২৩ পয়সা থেকে কমে মাত্র ৮০ পয়সায় দাঁড়িয়েছে। জ্বালানি খাতের আরেক কোম্পানি ইস্টার্ন লুব্রিক্যান্টস-এর দ্বিতীয় প্রান্তিকের আয় ১১ টাকা ৪৬ পয়সা থেকে কমে ৩ টাকা ৮৫ পয়সায় নেমেছে।
ব্যতিক্রমী চিত্র দেখা গেছে লুবরেফ বিডির ক্ষেত্রে। কোম্পানিটি গত বছর দ্বিতীয় প্রান্তিকে ২৩ পয়সা লাভে থাকলেও এবার ৮১ পয়সা শেয়ারপ্রতি লোকসান গুনেছে। একইভাবে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন-এর ইপিএস ৪৭ পয়সা থেকে কমে ১৩ পয়সায় এবং সামিট পাওয়ার-এর আয় ৫০ পয়সা থেকে কমে ৩৪ পয়সায় নেমেছে।
জ্বালানি খাতের জায়ান্ট মেঘনা পেট্রোলিয়ামের মুনাফাও কিছুটা সংকুচিত হয়েছে; গত বছরের ১৫ টাকা ৯ পয়সার তুলনায় এবার তাদের ইপিএস হয়েছে ১৪ টাকা ৩০ পয়সা। বিদ্যুৎ সঞ্চালনকারী প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড-এর দ্বিতীয় প্রান্তিকের আয় ৪ টাকা ৩৬ পয়সা থেকে কমে ১ টাকা ২৪ পয়সা হয়েছে।
তবে কিছু কোম্পানির বার্ষিক বা ছয় মাসের (জুলাই-ডিসেম্বর ২৫) হিসেবে আয়ের প্রবৃদ্ধি ইতিবাচক দেখা গেছে। যেমন—ইস্টার্ন লুব্রিক্যান্টস, মেঘনা পেট্রোলিয়াম এবং পাওয়ার গ্রিডের ছয় মাসের মোট আয় গত বছরের তুলনায় বেড়েছে, যদিও অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে তারা পিছিয়ে ছিল।

